উত্তরকন্যা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর! উন্নয়নে বরাদ্দ ২৫০ কোটি

M Suvendu Adhikari: ‘জিটিএ দুর্নীতিতে কাউকে ছাড় নয়।’ মঙ্গলবার উত্তরকন্যার ভার্চুয়াল বৈঠক থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মেডিকেল কলেজের পাশাপাশি কালিম্পংয়ের উন্নয়নে একাধিক পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। জিটিএ-তে বরাদ্দ বৃদ্ধিরও আশ্বাস দিয়েছেন।

এদিন উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কপ্টারে তাঁর কালিম্পং যাওয়ার কথা ছিল। কিন্তু কালিম্পং যাওয়ার পথে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় পাহাড়ি এলাকায় চপার অবতরণে সমস্যা হয়। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর তা ফিরে যায় শিলিগুড়িতে। সেখানে উত্তরকন্যায় আগের পরিকল্পনামতো প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে আধিকারিকদের বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার আরও একবার জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জিটিএ-তে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। আরও একবার সেই বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী। জিটিএ-তে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘১১ বোর্ডের টাকা নয়ছয় হয়েছে। পাহাড়ে পানীয় জল, শিক্ষক দুর্নীতি থেকে একাধিক দুর্নীতি হয়েছে। টাকা লুট হয়েছে।’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘দুর্নীতির ইস্যুতে তদন্ত হবে। এফআইআরও হবে। গ্রেফতারিও হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *